গ্যাস সংকটে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ভাসমান এলএনজি টার্মিনালে আগুন ও ত্রুটির পর গ্যাস সংকটের জন্য ক্ষমা চেয়ে ব্যবসায়ীদের কাছে ‘মোরাল সাপোর্ট’ চেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, শিল্পে গ্যাস ও বিদ্যুতের সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে-এ বাস্তবতা তিনি বোঝেন। কারখানা বন্ধ থাকলেও ব্যাংক ঋণের সুদ ও শ্রমিকের বেতন চালিয়ে যাওয়ার চাপের বিষয়টিও তিনি জানেন। গতকাল বৃহস্পতিবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ‘বাংলাদেশের জ্বালানি সংকট: তাৎক্ষণিক অগ্রাধিকার ও টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘মিটিংয়ের শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের যে সমস্যাটা, সে সমস্যাটার জন্য আমিসহ সবাই ভোগান্তির মধ্যে আছি।’ গভীর সমুদ্রে থাকা একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে আগুন লাগার পর গ্যাস সরবরাহে সংকট তৈরি হওয়ার বিষয়টি মন্ত্রী অনুষ্ঠানে তুলে ধরেন। তার ভাষ্য, এমন ঘটনা ঘটতে পারে, তা সরকার ‘কল্পনাও’ করেনি। টার্মিনালের পাশে থাকা আরেকটি এলএনজিবাহী জাহাজ দ্রুত সরিয়ে নেওয়া যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেও তিনি মন্তব্য করেন। দেশে থাকা দুটি এফএসআরইউর একটিতে ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সরবরাহ কমার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এখন শুধু আমার দিন গোনা ছাড়া আর কিছু করার নাই। আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরইউতে, এটা করা ছাড়া আমার কিছু নাই।’ সংকট সমাধানে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে দাবি করে তিনি বলেন, ‘এ সরকার জনগণের সরকার। জনগণ আমাদের ভোট দিয়েছে বলে আমরা এখানে এসে সরকার গঠন করতে পেরেছি।’ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার ‘দিনরাত’ কাজ করছে দাবি করে মন্ত্রী বলেন, ‘উই অল আর ভেরি সিরিয়াস।’ তবে এফএসআরইউ মেরামতের সময়সহ কিছু বিষয় ‘সরকারের নিয়ন্ত্রণের বাইরে’ বলে তার ভাষ্য। ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘এখন এফএসআরইউ খারাপ হয়ে গেছে। এখানে তো আমি জোরজবরদস্তি করে বলতে পারব না। ইঞ্জিনিয়াররা যেভাবে আমাদের বলবে, সেভাবেই হবে।’ ক্ষতিগ্রস্ত ইউনিট মেরামতের পর দুটি বয়লার সমন্বয় করতে ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে বলে প্রকৌশলীরা সরকারকে জানিয়েছেন। ওই সময়ে গ্যাস সংকট আরও বাড়তে পারে বলে তথ্য দেন মন্ত্রী। গ্যাসের ঘাটতি সামলাতে সরকার চার কার্গো এলএনজি কিনেছে জানিয়ে মন্ত্রী বলেন, এফএসআরইউ সচল হলে সেগুলো খালাস করে সরবরাহ বাড়ানো যাবে।
