৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একই সঙ্গে আগামী ২০ আগস্টের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট করেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সংসদ সদস্য তাকে মনোনয়ন দেওয়া রাজনৈতিক দল থেকে পদত্যাগ করলে বা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। রিটে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি রুল জারির আবেদন জানানো হয়েছে। রুলে জানতে চাওয়া হবে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন বাতিল ঘোষণা করা হবে না। এ ছাড়া রিটের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত রাখার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।
রিটে বলা হয়েছে, ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীনভাবে তাদের সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ সীমিত করে। একই সঙ্গে এটি সংসদের স্বাধীনতার ওপরও প্রভাব ফেলে। আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, আগামী রোববার হাইকোর্টে রিটটির শুনানি হতে পারে।
