রাষ্ট্রপতি নির্বাচন

সংসদে ভোটকেন্দ্র পরিদর্শনে ইসি সচিব

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। গতকাল সোমবার এ তথ্য জানান ইসি কর্মকর্তারা।

জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকেন্দ্র (সংসদ ভবনের অধিবেশন কক্ষ) পরিদর্শন করে ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল।

ইসি কর্মকর্তারা জানান, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে। সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর স্বাক্ষর করে তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন তারা। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা করা হবে। মোট ৩৪৯টি ব্যালটের বৈধ ভোট এবং প্রার্থীদের পাওয়া ভোট ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। পরে সচিবালয়ে গেজেট প্রকাশের কার্যক্রম সম্পন্ন করা হবে। তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপরও যদি একাধিক প্রার্থী থাকেন, তাহলে ২০ আগস্ট ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।