পাচার করা অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতায় জোর দিচ্ছে সরকার
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশ থেকে পাচার হওয়া অর্থ শনাক্ত ও পুনরুদ্ধারে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের সঙ্গে সরকার যৌথভাবে কাজ করছে বলে জানান তিনি। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ শনাক্ত করে তা দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। এ কাজে সংশ্লিষ্ট পেশাজীবীদেরও সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, সরকার একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। জনগণের সেবায় নিয়োজিত থাকার পাশাপাশি বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় বাংলাদেশকে দায়িত্বশীল ও সহযোগিতামূলক অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করাও সরকারের লক্ষ্য।
তরুণদের এ প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্থনৈতিক সাফল্যের প্রকৃত ভিত্তি স্বচ্ছতা। সততা ও স্বচ্ছতার মাধ্যমে পরিবর্তিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে নেতৃত্ব দিতে তরুণদের এগিয়ে আসতে হবে। শুধু ভবিষ্যতের জন্য অপেক্ষা না করে বর্তমান সময়েই সঠিক বিচার-বিবেচনা, দায়িত্ববোধ ও দৃঢ়তার পরিচয় দিতে পারে তরুণরা।
তিনি বলেন, তরুণরা নিজেদের সংগঠিত করার পাশাপাশি দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনতে পারে। সীমিত সম্পদ দিয়েও তরুণরা নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম। তাদের উৎসাহিত ও যথাযথ স্বীকৃতি দিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকায় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক, ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগ বিভাগের প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বক্তব্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. রাকিব-উজ-জামান স্বাগত বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনটির মহাসচিব আহতাব জামিল মাহিন।
ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন আয়োজিত চার দিনব্যাপী এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রেখে কার্যকর বহুপাক্ষিকতাকে সুসংহত করা’।
আয়োজকরা জানান, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। এতে লিঙ্গবৈষম্য, স্বাস্থ্য, অর্থনীতি, আর্থসামাজিক পরিস্থিতি, মানবাধিকার, মানবপাচার, জাতীয় ও আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক চুক্তি, অভিবাসন নীতি, ভূরাজনীতি ও কূটনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন শিক্ষার্থীরা।
