গবেষণায় অসামান্য অবদান

স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৫৯ শিক্ষক-গবেষক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গবেষণাক্ষেত্রে অসামান্য অবদান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বাড়াতে ভূমিকা রাখায় ৫৯ জন শিক্ষক ও গবেষককে সম্মাননা প্রদান করা হচ্ছে।

গুগল স্কলার প্রোফাইলে ২ হাজার বা তদূর্ধ্ব উদ্ধৃতি অর্জনকারী এসব শিক্ষক ও গবেষককে সম্মাননা দেওয়া হবে। আগামী ২৭ আগস্ট বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক, প্রক্টর এবং সম্মাননা প্রাপ্ত শিক্ষক-গবেষকরা উপস্থিত থাকবেন।