জ্বালানি সংকট

বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুতের দিকে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এখনই উপযুক্ত সময়। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত।

বাংলাদেশ বর্তমানে বড় ধরনের জ্বালানি সংকটে রয়েছে। এক্ষেত্রে চীন কি সহযোগিতা করবে? জানতে চাইলে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, হ্যাঁ। আমরা বিশেষ করে জ্বালানি, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কাজ করছি। আমি মনে করি, বাংলাদেশের জন্য এখন নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ উন্নয়নের উপযুক্ত সময়। এর মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। তিনি বলেন, এটি চীনের একটি শক্তিশালী ক্ষেত্র। জ্বালানি সরবরাহের ঘাটতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে সহযোগিতা করার ক্ষেত্রে এখানে আমাদের অনেক সুযোগ রয়েছে। এর আগে মন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত বলেন, এইমাত্র আমি মন্ত্রীর সঙ্গে অত্যন্ত ভালো, গঠনমূলক ও গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। তিনি বলেন, ড. মঈন খান চীনের একজন পুরোনো বন্ধু। তিনি বহুবার চীন সফর করেছেন এবং দলীয় পর্যায়ে সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় চীন খুশি। বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ-চীন সহযোগিতার বিভিন্ন বিষয়, বিশেষ করে মন্ত্রীর দায়িত্বের আওতাভুক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ইয়াও ওয়েন। তিনি বলেন, আমরা বিশেষভাবে ওয়েস্ট টু এনার্জি (বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন) প্রকল্প নিয়ে কথা বলেছি। এটি বাংলাদেশে প্রথম এ ধরনের প্রকল্প। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রকল্পটির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং খুব শিগগির এটি উদ্বোধন করা হবে। এটি ঢাকা শহরের উন্নয়নে সহায়তা করার জন্য একটি মডেল প্রকল্প হবে।

ঢাকার বস্তি আধুনিকায়ন প্রকল্প নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। ইয়াও ওয়েন বলেন, এটি বর্তমানে এই মন্ত্রণালয়ের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার। এর সঙ্গে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার বিষয়টি সরাসরি জড়িত। এটি প্রধানমন্ত্রীর একটি প্রতিশ্রুতি। তিনি এসব মানুষকে আধুনিক শহরে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে চান। বাংলাদেশ এরইমধ্যে বস্তি আধুনিকায়ন প্রকল্পটি চীনের কাছে উপস্থাপন করেছে এবং সহযোগিতা চেয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, যেহেতু এটি মানুষের জীবনযাত্রার উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এবং দরিদ্র মানুষের জীবনমান উন্নত করতে পারে, তাই বাংলাদেশ-চীন সহযোগিতার ক্ষেত্রে এটি অগ্রাধিকার পাবে। তিনি আশা প্রকাশ করেন, বস্তি আধুনিকায়ন প্রকল্পের ক্ষেত্রে অদূর ভবিষ্যতে দৃশ্যমান অগ্রগতি হবে।

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে ইয়াও ওয়েন বলেন, বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ জ্বালানি উন্নয়ন এবং বস্তি উন্নয়ন প্রকল্পে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবো। মন্ত্রীকে সহযোগিতা করার জন্য আমরা যা কিছু করা সম্ভব, তা করবো।

ইয়াও ওয়েন বলেন, আমরা একটি যৌথ ইশতেহার প্রকাশ করেছি এবং নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ গড়তে চীন-বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এটি চীন-বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন সংজ্ঞা। এই কাঠামোর আওতায় আমরা সব ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিচ্ছি, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে। প্রধানমন্ত্রীর সফরের পর গত দুই মাসে দুই দেশের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের শেষ দিকে চট্টগ্রামে প্রথম চীন-বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়া মোংলা বন্দর প্রকল্প ও তিস্তা নদী প্রকল্প নিয়েও দুই দেশ কাজ করছে। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী আবাসিক হল এবং এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ প্রকল্পের কাজও এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে : ঢাকার আমিনবাজারের ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ করছে চীনা কোম্পানি। প্রকল্পটি চালু হলে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আগামী ১৮ মাসের মধ্যে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার লক্ষ্য রয়েছে। ২৫ টাকা প্রতি ইউনিট দরে এই বিদ্যুৎ কিনবে সরকার। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। তিনি বলেন, আগামী দেড় বছরের মধ্যে চীন জাতীয় গ্রিডে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ দেবে। অর্থাৎ ময়লা-আবর্জনা থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হবে। তিনি বলেন, এই প্রকল্পের আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্পটির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চুক্তি হয়েছে। চূড়ান্ত অর্থায়ন চুক্তি হবে বিনিয়োগকারী ব্যাংক, কোম্পানি ও বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের মধ্যে। তিনি বলেন, খরচটা একটু বেশি হবে; কিন্তু আমাদের লাভটা অন্য জায়গায় আছে। আমরা তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনবো প্রতি ইউনিট ২৫ টাকা দরে। এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি। কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা-আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যে ময়লা-আবর্জনা ওয়েস্ট থাকছে, সেখান থেকে জৈব সার হচ্ছে। তারা ল্যান্ডফিল ব্যবহার করবে, এটার জন্য তারা সিটি কর্পোরেশনকে মাসিক একটা ভাড়া দেবে এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দুমাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। ময়লা আবর্জনা আমাদের একটা বড় বোঝা- এই জাতির জন্যে, ঢাকা শহরের জন্যে। তো এখান থেকে যদি তারা বিদ্যুৎ উৎপাদন করে আমাদের ফ্রি দেয় এবং মূল্যটা বেশি মনে হচ্ছে, কিন্তু পরিবেশের দিক বিবেচনা করলে আমাদের ওই খরচটা আবার অন্যভাবে চলে আসবে।’