হামের উপসর্গে আরও পাঁচ মৃত্যু
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২১৬৮, একদিনে ভর্তি ৩৪২
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের গতকালের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৮৬১ জনের মৃত্যু হল। আর ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল। এদিকে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ১৬ জন রোগী ভর্তি রয়েছে। হামের তথ্য দিতে শুরু করার পর প্রথম ৩০ দিন পর ভর্তি রোগীর সংখ্যা ছিল আড়াই হাজারের কিছু বেশি। সেই তুলনায় বর্তমানে দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪৮ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ১০০ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৩৬ জন।
২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ২৪৯, রাজশাহীতে ২৯, সিলেটে ১২৮, চট্টগ্রামে ২৭১, বরিশালে ১২৬, ময়মনসিংহে ৬১, খুলনায় ৫৫ ও রংপুর বিভাগে ১৭ জন।
এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজার ৭৯২। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৯৬।
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২১৬৮, একদিনে ভর্তি ৩৪২ : দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে; গেল ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে কারও মৃত্যু না হলেও ৩৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার স্থাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৬৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ডেঙ্গু রোগে চলতি বছর ৮৮ জন মারা গেছে; যার মধ্যে অগাস্টে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
এদিন স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৩৪২ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৭২ জন। আর ৪৩ জন ভর্তি হন দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে।
বিভাগের মধ্যে বরিশালে ৬৩ জন, চট্টগ্রামে ৯৩ জন, ময়মনসিংহে ৪৮ জন এবং রংপুরে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৪ ঘণ্টায় কারও ৩৪৫ জন হাসপাতাল ছেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩২ হাজার ৫৯০ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ হাজার ৪২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
