হামের উপসর্গ ও ডেঙ্গুতে শিশুসহ ছয়জনের মৃত্যু
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশে হাম ও ডেঙ্গুতে প্রাণহানির সংখা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ ও ডেঙ্গুতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯৬৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৬১ জন। প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত ৫৭ জন এবং হামের উপসর্গ রয়েছে ৮৮৬ জনের শরীরে।
এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৫৩ জনে এবং মোট হামের উপসর্গ মিলেছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনের শরীরে। এছাড়া চলতি বছরে সারাদেশের হাসপাতালে মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন।
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৬ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯০ জনের মৃত্যু হলো। এর মধ্যে আগস্ট মাসে মারা গেছেন ৩৬ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই দিন স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৯৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৮৬ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৯৭৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৩৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩৯১ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৬৩ জন, বরিশালে ১৩৪, চট্টগ্রামে ১০৩, ময়মনসিংহে ৪৫ এবং রাজশাহীতে ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
