এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন
জানালেন শিক্ষামন্ত্রী
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন এবং সে অনুযায়ী বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি লিখেছেন, 'এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।' এর আগে গত সোমবার বিকেলে 'জাতীয় বেতন স্কেল ২০২৬' অনুমোদন দেয় সরকারের মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকের পর সন্ধ্যায় এ নিয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন কি না। জবাবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, 'এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।' এ নিয়ে তাৎক্ষণিক ক্ষোভ জানায় দেশের প্রায় সোয়া ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। সংগঠনের পক্ষ থেকে পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এক বিবৃতিতে উল্লেখ করেন, দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেয়ে থাকেন। আশা করি, সরকার বিষয়টি সদয় বিবেচনায় নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারির পরপরই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নবম পে-স্কেলের অন্তর্ভুক্ত করে পৃথক প্রজ্ঞাপন জারি করবে। জানা যায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে সোয়া ৬ লাখের বেশি শিক্ষকুকর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ লাখ ৯৮ হাজার, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। এদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এতদিন সরকারের কাছ থেকে মাসে মূল বেতন, ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন। সম্প্রতি আন্দোলনের মুখে সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। বাড়িভাড়া ভাতার এ অর্থ দুই ধাপে দেওয়া হয়েছে। প্রথম ধাপে ১৫ শতাংশের মধ্যে সাড়ে ৭ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। বাকি সাড়ে ৭ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।
