মক্কা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় তেহরান
ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির প্রশংসা ইরানি রাষ্ট্রদূতের
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে সদ্য স্বাক্ষরিত 'মক্কা চুক্তি'কে ইরান নিজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হিসেবে দেখছে না এবং বাংলাদেশ এই জোটে যোগ দিলেও তেহরান উদ্বিগ্ন হবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমি জাহানাবাদী। গতকাল বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ইরানি রাষ্ট্রদূত বলেন, 'যখন আপনাদের সরকারের পররাষ্ট্রনীতির কথা আসে, আমরা খুব ভালো করেই জানি যে আপনাদের সরকার একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলছে।' ফলে আন্তর্জাতিক ও নিরাপত্তা সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নেওয়া কোনো সিদ্ধান্তই ইরানের জন্য উদ্বেগের সৃষ্টি করবে না।
