ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস সেতু উন্মুক্ত
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ৩ দশমিক ৭১ কিলোমিটারের পৃথক দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ফিতা কেটে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে সেতু দুটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। দুই লেনবিশিষ্ট এসব সেতুতে কোনো টোল দিতে হবে না এবং সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, একসময় প্রকল্পটির কাজ স্থবির হয়ে পড়েছিল। সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটির গুরুত্ব বিবেচনা করে কাজ দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় বরাদ্দ ও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের কাজের মান ও বাস্তবায়নের গতি সন্তোষজনক।
সাড়ে তিন বছরে প্রকল্পের ৬৫ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, প্রকল্পের মেয়াদ ও পরিধি সংশোধন করে কাজ দ্রুত এগিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি জাতীয় স্বার্থ বিবেচনায় সংশোধিত প্রকল্পটি নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে আরও একটি অংশের কাজ শেষ হবে। আগামী এক বছরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, পুরো কাজ শেষ হলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সঙ্গে সংযুক্ত হবে। এতে রাজধানী থেকে দ্রুত বাইরে যাওয়া ও ঢাকায় প্রবেশের সুযোগ তৈরি হবে। এ ছাড়া উত্তরবঙ্গসহ ৩০টি জেলার প্রায় চার কোটির বেশি মানুষ এ এক্সপ্রেসওয়ের সুবিধা পাবেন। পণ্য ও যাত্রী পরিবহন সহজ ও দ্রুত হওয়ার পাশাপাশি যানজট কমাতেও এটি ভূমিকা রাখবে।
