এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে লাশ উদ্ধার
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে সাদা স্কচটেপ লাগানো এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে বনানী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৫০ বছর হতে পারে। তার পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, সকাল পৌনে ৯টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের মুখে সাদা টেপ লাগানো ছিল। ওসি আরও জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অংশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এসব ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনার মাধ্যমে লাশটি কখন ও কীভাবে সেখানে আনা হয়েছিল তা তারা তদন্ত করবেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তিকে হত্যার পর দুর্বৃত্তরা রাতের কোনো একসময় অথবা ভোরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর লাশটি ফেলে রেখে যায়।
