হামে মৃত্যু ১, ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৫১২ জন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০০৪ জন। আর হাম শনাক্ত হয়েছে ৪০ জনের শরীরে। গতকাল শুক্রবার অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে একজন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।
তাদের হিসাবে এ পর্যন্ত সারা দেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৮৮৮ জন প্রাণ হারিয়েছে। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫২ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৭৫, খুলনায় ৩৫ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১১৪ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৪ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩২৩ জন, রাজশাহীতে ২৩, সিলেটে ১৪৬, চট্টগ্রামে ২৫৮, বরিশালে ১৪১, ময়মনসিংহে ৩৪, খুলনায় ৬৫ ও রংপুরের বিভিন্ন হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছে। এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪২ হাজার ৪৫৩। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৩৫০ জন হাসপাতাল ছেড়েছে। আর দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২। আর হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে হল ১৯ হাজার ৫৬৭। সারা দেশে হামের উপসর্গ নিয়ে অনেকেই হাসপাতালে যান। তবে সবার নমুনা পরীক্ষা না হওয়ায় হামের বিস্তৃতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন। এ ক্ষেত্রে সরকারি হিসাবের উপরই পরিসংখ্যানের জন্য ভরসা করতে হচ্ছে।
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৫১২ জন
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন। এ সময়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৪০ হাজার ৪৪ জনে। আর প্রাণ গেছে মোট ১১১ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এইডিস মশাবাহিত এ রোগে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৭২ জন, দক্ষিণ সিটিতে ৬৭ জন ভর্তি হন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ১০১ জন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া বরিশাল বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৯ জন, খুলনায় ৭২ জন ও ময়মনসিংহে ৫৭ এবং রংপুরে ১৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
