ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাবে একদিনে ৬ মৃত্যু
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

হাম ও হামের উপসর্গ এবং ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হাম বিষয়ক প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা গেছে একজন শিশু এবং সন্দেহজনক হামে মারা গেছে তিনজন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯৯১ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৮৯১ জন।
প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭৪ জন এবং সন্দেজনক হাম রোগী ৮৪৩ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮৮ : দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের প্রাণ গেছে; এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৮ জন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু প্রাণহানি বেড়ে দাঁড়াল ১১৩ জনে। আর হাসপাতালে ভর্তি রোগী হয়েছে ৪১ হাজার ৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এইডিস মশাবাহিত এ রোগে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০২ জন, দক্ষিণ সিটিতে ১৪৯ জন ভর্তি হন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ১৭৬ জন হাসপাতালে ভর্তি হন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, খুলনায় ১৬৩ জন ও ময়মনসিংহে ৫০, রংপুরে ৬ জন ও রাজশাহীতে ৪৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।
এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।
