ডেঙ্গু ও হামের শিশুসহ আরও ৯ জনের মৃত্যু

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে ১ হাজার ৫৬১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম শনাক্ত হয়েছেন ৯০৫ জন। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৪৯ জনের মৃত্যু হল। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ৫২ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৬ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৪৪ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩০৭ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২০২ জন, চট্টগ্রামে ১৮১ জন, খুলনায় ২৭৫ জন, ময়মনসিংহে ৯৩ জন, রাজশাহীতে ১০৪ জন, রংপুরে ৭৩ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন।

বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় এক হাজার ৩৯৪ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর ৫১ হাজার ৮৩৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৮ হাজার ৯৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু : সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) সারাদেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৯০৫ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯০৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৩ জন, গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৬৯ জন। অপরদিকে গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ৯২২ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন।