হামের উপসর্গ ও ডেঙ্গুতে প্রাণহানি বাড়ছেই

এক দিনেই ঝরেছে ১৬ প্রাণ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব পতিবেদক

দেশে একদিনে হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা এবং সিলেট বিভাগে চার জন করে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। সরকারি হিসাবে তখন থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ হারিয়েছে এক হাজার ৩০ জন।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪১৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৬১ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭০, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১৭৭ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৯৩ জন। সারাদেশে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জন রোগী। তাদের মধ্যে ১ লাখ ৫২ হাজার ১১৭ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে। এ পর্যন্ত ২০ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষায় হামের সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার নমুনা পরীক্ষা হয় না। ফলে নমুনা পরীক্ষার তথ্য দিয়ে হামের বিস্তারের সঠিক চিত্র পাওয়া যায় না।

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু এবং সর্বোচ্চ এক হাজার ৭৩৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আটজনের মধ্যে ঢাকার দুই দক্ষিণ সিটি করপোরেশন এলাকার চারজন, চট্টগ্রাম বিভাগের তিনজন এবং ময়মনসিংহের একজন রয়েছেন। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৫৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ৫৯ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭০ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৪৩ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩৮৮ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯১ জন, চট্টগ্রামে ১৯১ জন, খুলনায় ৩০২ জন, ময়মনসিংহে ১১০ জন, রাজশাহীতে ১৪৫ জন, রংপুরে ৮৬ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন। বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় এক হাজার ২৮২ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছর ৫৩ হাজার ৫৭০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৯ হাজার ৩৭৫ জন হাসপাতাল ছেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।