কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা

গ্রেপ্তার দুই কিশোর গাজীপুর সংশোধনাগারে

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে দুইজনকে কুমিল্লা কারাগার থেকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। ওই দুই আসামি বয়সে কিশোর হওয়ায় আদালতের সিদ্ধান্তে তাদের সেখানে পাঠানো হয়। গতকাল সোমবার বিকেল ৩টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো আসামিদের মধ্যে একজনের বয়স ১৬ ও অপরজনের বয়স ১৫। তিনি বলেন, গত রোববার রাতে চার আসামিকে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক আবিদা সুলতানা মলির আদালতে হাজির করা হলে সাইফুল ইসলাম তুহিন (১৯) ও দুই কিশোর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালত দুই কিশোরকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। রাতে চার আসামিকে কুমিল্লা কারাগারে রাখা হয়। সোমবার বেলা ১১টায় দুই কিশোরকে নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অপর দুই আসামি সাইফুল ইসলাম তুহিন ও সিয়ামকে কুমিল্লা কারাগারে রাখা হয়েছে। এর আগে গত শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম ওই দিন বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজের ডায়রি করেন। পরদিন গত শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে সাইফুল ইসলাম তুহিনকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়।