কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা

হত্যার নেপথ্যের দুই কারণ নিয়ে মা নাহিদার সন্দেহ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

অপ্রতিম হত্যাকাণ্ডের পেছনে দুটি ঘটনা কাজ করেছে বলে মনে করছেন মা নাহিদা বেগম। তাঁর সন্দেহ, কিছুদিন আগে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে এক কিশোরের চাকরি নেওয়ার সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে। এ ছাড়া সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সময় কয়েকজন কিশোর অপরাধীকে পুলিশে দেওয়ার বিষয়টিও এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ হতে পারে। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির প্রকৃত বয়স নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। এই সন্দেহের বিষয়গুলো এক সহকর্মীকে জানিয়েছেন তিনি।

হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ নিয়ে অপ্রতিমের মায়ের এই সন্দেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মানববন্ধনে তুলে ধরেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নাহার। তিনি বলেন, অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা হয়েছে, তার অবস্থা খুবই খারাপ। তারপরও তিনি কয়েকটি সন্দেহের কথা এখানে জানাতে বলেছেন। তাঁর পক্ষ হয়ে সেগুলোই বক্তব্যে উল্লেখ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে ওই মানববন্ধন ও শোকমিছিল হয়। সেখানে অপ্রতিমের মায়ের বরাত দিয়ে কামরুন নাহার বলেন, অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ুসংলগ্ন সালমানপুর এলাকার ১৬ বছর বয়সী এক কিশোর ঘটনার প্রায় ১০ দিন আগে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিল। অপ্রতিমের মা মনে করেন, ওই কিশোরের অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে কাজ নেওয়ার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।