হামের উপসর্গ ও ডেঙ্গুতে ঝরল আরও ১২ প্রাণ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশে হাম ও ডেঙ্গু ক্রমেই আরও প্রাণঘাতি হয়ে উঠছে। এই দুটি রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে হামের উপসর্গে ছয়জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সমান ছয়জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ১ হাজার ৬৩ জন। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৩২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৬৯ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৬, বরিশালে ৬০, খুলনায় ৪০ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময় সংক্রামক এ ব্যাধির উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৩০ জন, চট্টগ্রামে ২৭০, সিলেটে ১৫৮, বরিশালে ১৩৯, খুলনায় ৯০, ময়মনসিংহে ৭৩, রাজশাহীতে ২৯ ও রংপুর বিভাগে ভর্তি হন ২৬ জন। এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৯ হাজার ৮০৪।
