হামের উপসর্গ ও ডেঙ্গুতে ঝরল আরও ১৭ প্রাণ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে হামের উপসর্গ ও ডেঙ্গু নিয়ে আরও ১৭ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে হামে ১১ জন এবং ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবারের ৪ জনের মৃত্যুর তথ্য বিলম্ব আসায় সেটি যুক্ত করায় মঙ্গলবারের মৃত্যুর সংখ্যা বেড়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের তথ্য নিয়মিতভাবে প্রকাশ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাবে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রাণ গেছে এক হাজার ৭৬ জনের। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৩৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭০ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৮, বরিশালে ৬০, খুলনায় ৪২ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৭ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৬৮ জন। ঢাকা বিভাগে ভর্তি ২৯৯ জন, চট্টগ্রামে ২৩৮, সিলেটে ১৬৪, বরিশালে ১৪৩ , খুলনায় ৯১, ময়মনসিংহে ৮১, রাজশাহীতে ২৫ ও রংপুরে ২৭ জন। এ নিয়ে হামের লক্ষণনিয়ে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। তাদের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৪৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে যাওয়া রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১১৩ জনের শরীরে হামের সংক্রমণ ধরা পড়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২০ হাজার ৮৫১।

হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে নমুনা পরীক্ষায় হাম শনাক্তের তথ্য দিয়ে এ রোগের বিস্তারের প্রকৃত চিত্র পাওয়া সম্ভব না।

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে গত ২২ দিনে ১০৪ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৫৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ১১৭ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৫৭ জন। এছাড়া খুলনা বিভাগে ২৮০ জন, বরিশালে ১৭৮, চট্টগ্রামে ৩১৭ জন, ময়মনসিংহে ১১৩, রংপুরে ৫৯ জন, রাজশাহী ১৫৬ জন এবং সিলেট বিভাগে ৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।