'সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত'

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝিনাইদহ প্রতিনিধি

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার তা ভ্রুক্ষেপ করেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংগঠনিক সফরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চলমান সংকট নিরসনে বিরোধী দল তাদের নিজ খরচে এক্সপার্ট নিয়োগ করে সেই এক্সপার্টের পরামর্শ ও মতামত সরকারের কাছে প্রস্তাব আকারে পৌঁছে দিয়েছে। জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়, কিন্তু সরকার শুধু বিরোধিতার স্বার্থেই বিরোধিতা করছে।

সংসদের বিরোধী দলের ছায়া মন্ত্রীসভা সরকারকে সহযোগিতা করছে কিনা এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে। কিন্তু সরকার জামায়াতসহ বিরোধী দলের কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত গ্রহণ করেনি। সরকারের পক্ষ থেকে বিরোধী দলের বিরুদ্ধে অসহযোগিতা করার যে অভিযোগ তোলা হচ্ছে, তা হাস্যকর।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, আমি বলব যে, বিএনপি হলো অকৃতজ্ঞ। ২০০১ সালের নির্বাচনের পরে আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতে সেই সময় সার্বিক সবকিছু বিবেচনা করে আমরা পাঁচটি বছর বিএনপির সঙ্গে আমরা ছিলাম। দেশের কল্যাণের স্বার্থে, আধিপত্যবাদী শক্তি মোকাবিলা করার স্বার্থে জামায়াত সেই সময় বিএনপিকে সমর্থন করে। এর আগে বিএনপি ৯১-এ সরকার গঠন করেছিল। সেখানেও আমরা বিএনপিকে সহযোগিতা ও সমর্থন দিয়েছিলাম। কিন্তু সরকার গঠন করার পরই বিএনপি জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠিয়েছিল। ঢাকা, রাজশাহী, খুলনায় আমাদের কর্মীদের শহিদ করেছিল। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের শিবিরের ছেলেদের হত্যা করেছিল। আমরা বারবার বিএনপিকে সহযোগিতা করতে চেয়েছি।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপি এখন বলছে যে জামায়াত নাকি আওয়ামী লীগকে মাঠে নামতে ইন্ধন দিচ্ছে। সরকার, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী থাকা অবস্থায় রাজনীতি নিষিদ্ধ একটি দলের কর্মীরা ঢাকাসহ সারাদেশে মিছিল করলো কিভাবে? সরকার, আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে তাদের ইন্ধন না থাকলে এরকম একটি কর্মসূচি কোনো রাজনৈতিক দল পালন করবে, এটা কখনও হয়? এটা কি সম্ভব? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা আঁতাতের খবর আপনাদের কাছে থাকলে তা প্রকাশ করুন।

এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।