প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী

দেশ ও মানুষের কথা বলুক 'আলোকিত বাংলাদেশ'

ড. খন্দকার মোশাররফ হোসেন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

দৈনিক আলোকিত বাংলাদেশ-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

'উন্নয়নের মূলধারায় বাংলাদেশ'— এ প্রত্যয়কে ধারণ করে ২০১০ সালে 'আলোকিত বাংলাদেশ' তার যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষ, সমাজের নানা বাস্তবতা এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়গুলোকে সংবাদচর্চার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে পত্রিকাটি। দীর্ঘ ১৭ বছরের পথচলায় প্রকাশিত সংবাদ, প্রতিবেদন ও বিভিন্ন লেখায় সেই অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।

'আলোকিত বাংলাদেশ' নামটির মধ্যেই যেমন দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতার পরিচয় রয়েছে, তেমনি এর স্লোগানেও প্রতিফলিত হয়েছে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রত্যয়। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঢাকা আহ্ছানিয়া মিশনের পৃষ্ঠপোষকতা পত্রিকাটির সামাজিক দায়বদ্ধতার পরিসরকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। একটি সংবাদপত্র শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; সমাজ ও রাষ্ট্রের বাস্তব চিত্র তুলে ধরা, মানুষের আশা-আকাঙ্ক্ষা ও সমস্যার কথা বলা এবং জনস্বার্থের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে সামনে নিয়ে আসাও গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। 'আলোকিত বাংলাদেশ' সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সেই দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে। আমি আশা করি, ভবিষ্যতেও 'আলোকিত বাংলাদেশ' দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে এবং দেশ ও মানুষের কথা আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরবে। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করছি। ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে 'আলোকিত বাংলাদেশ'-এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

—বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বর্তমান সংসদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী