হামের উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৯ জন। আর হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের শরীরে। নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ ও হামে আক্রান্ত হয়ে ১ হাজার ৯৯ জনের প্রাণ গেল। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০১ জনের।

আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জনে। হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৩০৮ জনের। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রামে বিভাগে ও একজন সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৪৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৬ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৯৩, ময়মনসিংহে ৭৯, চট্টগ্রামে ৮৩, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৪০৪ জন, চট্টগ্রামে ২৭৫, সিলেটে ১৬৪, বরিশালে ১৩০, খুলনায় ৭৮, ময়মনসিংহ ৬৮, রাজশাহীতে ২৮ ও রংপুরে ১২ জন। গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।

ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছন ২ হাজার ৩৬ জন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৩৩ জনের মৃত্যু হল। এর মধ্যে সেপ্টেম্বরেই প্রাণ গেছে ১৩৬ জনের। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২০৬ জন ভর্তি হন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৬৯ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৪৩২ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২৫৪ জন, চট্টগ্রামে ৩২৩ জন, খুলনায় ২৬৭ জন, ময়মনসিংহে ১১৫, রাজশাহীতে ১৯৭, রংপুরে ৬২ ও সিলেটে ১১ জন ভর্তি হন। চলতি বছরের এখন পর্যন্ত ৭৫ হাজার ৭৩০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।