পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্ভর বাজারে রূপান্তর করতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পুঁজিবাজারকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে হলে এর প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশন নিশ্চিত করতে হবে। পুঁজিবাজারের সব লেনদেন ও কার্যক্রম পুরোপুরি কাগজবিহীন করার ওপরও গুরুত্ব দেন তিনি। গতকাল আইসিবি'র সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অধ্যাদেশের মাধ্যমে আইসিবি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশে মুক্তবাজার অর্থনীতি ও বাজারভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলা। সাধারণ মানুষের সঞ্চয়কে পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের বিনিয়োগ নিশ্চিত করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে অতিরিক্ত খুচরা বিনিয়োগকারী নির্ভর। অথচ বিশ্বের অধিকাংশ পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে পরিচালিত হয়। তাই বাংলাদেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্ভর বাজারে রূপান্তর করতে হবে। এ ক্ষেত্রে আইসিবিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অর্থমন্ত্রী আইসিবিকে প্রচলিত ধারা থেকে বেরিয়ে একটি সম্পূর্ণ বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা দেন। একই সঙ্গে পুঁজিবাজার ও দেশের আর্থিক খাতের আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
