হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৪২ জনের শরীরে। দেশে ২৪ ঘণ্টায় চারজনের হামজনিত মৃত্যু হয়েছে; তাদের মধ্যে একজনের রোগটি শনাক্ত হয়েছিল, বাকি তিনজনের ছিল উপসর্গ।
এ নিয়ে চলতি বছর হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১২ জনে। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০২ জন। সেই হিসাবে মোট এক হাজার একশ ১৪ জনের হামজনিত মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, হাম উপসর্গে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে, ৪৫৫ জন। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৯ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮০, চট্টগ্রামে ৮৬, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে। বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ২২১ জন উপসর্গ নিয়ে হাসপাতালে আসে, যার মধ্যে হাসপাতালে ভর্তি হয় এক হাজার ১৪৪ জন। এ সময়ে উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ভর্তি হয় ৩৭৭ জন, চট্টগ্রামে ২৬১, সিলেটে ১৪৩, বরিশালে ১৩৯, খুলনায় ১১৩, ময়মনসিংহ ৬৩, রাজশাহীতে ২৪ এবং রংপুর বিভাগ ২৪ জন ভর্তি হয়।
সব মিলিয়ে এবছর হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ২১ জনে, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। এর মধে উপসর্গ নিয়ে মোট ভর্তি সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৮৪, আর হাম রোগীর মোট সংখ্যা ১ হাজার ৬২৩। চলতি বছরের শুরুতেই দেশের কিছু এলাকায় হামের প্রকোপ দেখা দেয়, যা ফেব্রুয়ারির শেষ দিকে ছড়িয়ে পড়ে সারাদেশে। এরপর ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর রোগটি নিয়ে পরিসংখ্যান ও তথ্যউপাত্ত সংরক্ষণ শুরু করে। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। শুধু হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।
ডেঙ্গুতে নয় মাসে ২৫০ জনের মৃত্যু
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ৮২ হাজার ৭৬১ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ১৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশন ছাড়া) ২৯৫ জন, বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪৫ জন, খুলনা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, রংপুর বিভাগে ৭১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে— চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৭৬১ জন। অন্যদিকে, এসময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৬ হাজার ৮৬২ জন।
