চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মানুষের মস্তিষ্কের কোষ কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণ করে— দীর্ঘদিনের এই রহস্য উন্মোচনের জন্য চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন— যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগেম্যান ও গেওর্গ নাগেল।

গতকাল সোমবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় সুইডেনের স্টকহোম ক্যারোলিনস্কা ইনস্টিটিউট নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটি জানিয়েছে, আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিকস নিয়ে যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে জীবন্ত মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষকে আলো ব্যবহার করে সক্রিয় বা নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। ফলে মস্তিষ্ক কীভাবে স্মৃতি তৈরি করে, অনুভূতি নিয়ন্ত্রণ করে এবং আচরণ পরিচালনা করে—তা আরও নির্ভুলভাবে গবেষণার সুযোগ তৈরি হয়েছে। অপটোজেনেটিকস হলো— এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি, যেখানে জেনেটিক প্রযুক্তি ও আলোকে একসঙ্গে ব্যবহার করে নির্দিষ্ট কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়। এই পদ্ধতির ভিত্তি তৈরি হয় একটি বিশেষ আলোকসংবেদনশীল প্রোটিন আবিষ্কারের মাধ্যমে।

পিটার হেগেম্যান ও গেওর্গ নাগেল 'চ্যানেলরোডপসিন' নামের এই বিশেষ প্রোটিন আবিষ্কার করেছেন। নীল আলো পড়লে এই প্রোটিনের মাধ্যমে কোষে আয়ন প্রবেশ করতে পারে এবং বৈদ্যুতিক সংকেত তৈরি হয়। গবেষকরা দেখতে পান, অন্য কোষে এই প্রোটিন প্রবেশ করালেও সেই কোষ আলো-সংবেদনশীল হয়ে ওঠে। এই আবিষ্কারকে আরও এক ধাপ এগিয়ে নেন কার্ল ডেইসেরথ। তিনি চ্যানেলরোডপসিনের জিন স্নায়ুকোষে প্রবেশ করিয়ে নীল আলো দিয়ে সেই কোষের কার্যক্রম নিয়ন্ত্রণে সম হন। ২০০৫ সালে তিনি এই গুরুত্বপূর্ণ সাফল্য প্রকাশ করেন। পরে জীবন্ত ইঁদুরের মস্তিষ্কেও আলো দিয়ে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের পদ্ধতি সফলভাবে প্রয়োগ করেন।

নোবেল কমিটির মতে, অপটোজেনেটিকস মস্তিষ্ক গবেষণায় কার্যত নতুন যুগের সূচনা করেছে। আগে বিজ্ঞানীরা মস্তিষ্কের কোন অংশ কোন কাজের সঙ্গে যুক্ত— তা অনেকটা মানচিত্রের মতো পর্যবেণ করতে পারলেও নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যক্রমের সঙ্গে কোনো আচরণ বা অনুভূতির সরাসরি সম্পর্ক প্রমাণ করা কঠিন ছিল। প্রসঙ্গত, প্রথা অনুযায়ী— প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় বিজয়ীদের নাম ঘোষণা। সে হিসেবে এবার নোবেল পুরস্কারে প্রথম ঘোষণা আসল গতকাল ৫ অক্টোবর।