বিমানবন্দরে বসবে 'অ্যান্টি ড্রোন সিস্টেম'

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। গতকাল সোমবার দুপুরে বিমানবন্দরের ভেতরে 'এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬' শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি নির্ভর করে। তাই দায়িত্বে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলেও জানান তিনি। এসময় তিনি বলেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দীর্ঘ দিনের অবস্থার উন্নতি করার জন্য কাজ চালানো হচ্ছে। তিনি আরও বলেন, পরিস্থিতির উন্নতি করার জন্য সরকারবদ্ধপরিকর। যে করেই হোক এগুলো নিরসনের জন্য সরকারকে সময় দিতে হবে। যেহেতু দীর্ঘদিন এ প্রবনতাটা চলে আসছিল। আমাদের যারা কাজ করে তারা অলস হয়ে গিয়েছিল। অনেকে দলীয়করণভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তারা কাজ করতে পারে না। লাগেজ কাটার অভিযোগ রয়েছে বিষয়টি নিয়ে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন মনে হয় এটা হচ্ছে না। অতীতে দুই একটি ঘটনা যদি ঘটে থাকে সেগুলো এড্রেস করব।