গ্যাস সংকট কাটিয়ে ৮ মাস পর উৎপাদনে যমুনা সার কারখানা

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানায় পুনরায় উৎপাদন কার্যক্রম চালু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন।

কারখানা সূত্রে জানা গেছে— চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে।

গত সোমবার রাত ৩টার দিকে উৎপাদন শুরু হয়। যমুনা সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদন করা হয়। উৎপাদিত এই সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়। দীর্ঘদিন পর কারখানায় গ্যাস সরবরাহ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

যমুনা সার কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বলেন, বর্তমানে যে গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে, তাতে কারখানাটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হবে। গ্যাসের চাপ আরও বাড়লে দৈনিক উৎপাদন ১ হাজার ৩৫০ মেট্রিক টন পর্যন্ত হতে পারে।'

উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন বলেন, গত সোমবার মধ্যরাত ৩টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। উৎপাদন পুনরায় চালুর ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।