চট্টগ্রামের এনসিটি পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন পক্ষের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এ চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তরফে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের তরফে কোম্পানির চেয়ারম্যান ঈসা কাজিম চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী রাজিব আহসান, ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী।

এ চুক্তির বিরোধিতা করে এদিন দুপুর থেকে ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামের সামনে অবস্থান নিয়েছে বেশ কয়েকটি বামপন্থি রাজনৈতিক দল ও সংগঠন। তাদের মধ্যে আছে-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ জাসদ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, গণতান্ত্রিক ছাত্রজোট, গণতান্ত্রিক অধিকার কমিটি।

ইনভেস্ট বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জমি, অবকাঠামো, মালিকানা ও নিয়ন্ত্রণ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে রেখে দুবাই সরকারের মালিকানাধীন আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছর মেয়াদে টার্মিনালের 'পরিচালনা ও ব্যবস্থাপনার' দায়িত্ব দেওয়া হয়েছে।

চুক্তি শেষে ব্রিফিংয়ে জানানো হয়, চুক্তির শুরুতে প্রায় ৬০০ কোটি টাকার অগ্রিম ফি দিবে। এ ছাড়া প্রথম ১০ বছরে আধুনিকায়ন, যন্ত্রপাতি ও প্রযুক্তিতে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগের অঙ্গীকার রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব ভাগ ও নির্ধারিত বার্ষিক ফি পাবে।

কেপিআই, নিয়মিত প্রতিবেদন এবং লক্ষ্যমাত্রা পূরণ না হলে আর্থিক জরিমানার ব্যবস্থা থাকবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মনিটরিং, নিরীক্ষা ও নির্ধারিত প্রতিবেদনের মাধ্যমে তদারকি অব্যাহত রাখবে। ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, নৌবাহিনী, কোস্ট গার্ড, ইমিগ্রেশন, কাস্টমসসহ রাষ্ট্রীয় সংস্থার নিরাপত্তা প্রটোকল আগের মতোই থাকবে।

নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিরোধিতা করে আয়োজিত বিক্ষোভ সমাবেশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে (সাবেক বিডা) কোম্পানিটির সঙ্গে বন্দরের কনসেশন চুক্তি সই হয়েছে। ১৫ বছরের জন্য এ চুক্তি হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তির প্রতিবাদে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ। আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে ছবি: তানভীর আহাম্মেদ এ চুক্তির বিরোধিতা করে আজ বেলা দুইটা থেকে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে সিপিবি, বাসদসহ বেশ কয়েকটি সংগঠন। বেলা পৌনে তিনটার দিকে পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় সেখানে উপস্থিত সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, 'আমরা আজ সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিডা ভবনের সামনে এসেছিলাম। আমরা মনে করি, এ চুক্তি বাংলাদেশকে বিক্রি করার শামিল। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পৃক্ততা আছে, তাদের ওয়েবসাইটে গেলে বিষয়টি বোঝা যাবে।'

সাজ্জাদ জহির আরও বলেন, 'ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দেওয়ার মনে হলো, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। আমাদের নৌবন্দর, বিমানবন্দর— সব ব্যবহার করবে তারা।'

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তির প্রতিবাদে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ। আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তির প্রতিবাদে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ। আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে ছবি: তানভীর আহাম্মেদ।

সাজ্জাদ জহির বলেন, 'এর প্রতিবাদ করার জন্যই আজ আমরা এখানে এসেছি। আমাদের শান্তিপূর্ণ সমাবেশ ছিল। শান্তিপূর্ণ সমাবেশের এক পর্যায়ে পুলিশ বিনা উসকানিতে লাঠিপেটা করে। আজ যারা বাংলাদেশটাকে আমেরিকার কাছে, ডিপি ওয়ার্ল্ডের কাছে বিক্রি করে দিচ্ছেন, তারা আজীবন দেশের বিশ্বাসঘাতক, বেইমান হিসেবে চিহ্নিত হবেন। আমরা বামপন্থীরা লড়াইয়ের মাঠে থাকব। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা দেশের বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা করব।' সিপিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে ব্যাপক লাঠিপেটা করেছে পলিশ। এতে সাজ্জাদ জহির চন্দনসহ অনেক নেতাুকর্মী আহত হয়েছেন।

অপারেশন ব্যাহত করার চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের প্রতিবাদে আন্দোলনের মধ্যেই বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক ও সচল রাখতে জরুরি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার এনসিটি পরিচালনার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এর একদিন আগে গত বুধবার চবকের পরিচালক মো. নাসির উদ্দীনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বন্দরের কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিটি পরিচালনার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপটে বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রাখতে হবে। অপারেশনাল কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক মো. নাসির উদ্দীন বলেন, বন্দরের স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন অপারেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশন ব্যাহত করার কোনো চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের প্রতিবাদে গতকাল বুধবার সন্ধ্যায় বন্দর ভবনের সামনে সমাবেশ শেষে মশাল মিছিল করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। তারা এনসিটি দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনা ও শ্রমিকদের স্বার্থ রক্ষার দাবি জানান।

আন্দোলনকারীরা বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত বাতিল বা পুনর্বিবেচনা না হলে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় তারা গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় বন্দর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন। এদিকে, আন্দোলনকারীদের কর্মসূচির মধ্যেই আজ এনসিটি পরিচালনার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এ প্রেক্ষাপটে বন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।