গ্রাম পুলিশ সমাবেশ যোগ দেবেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম পুলিশ সমাবেশ। শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার প্রস্তুতিমূলক সভা ডেকেছে স্থানীয় সরকার বিভাগ। ওই দিন বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক নোটিশে স্থানীয় সরকার বিভাগ এ তথ্য জানিয়েছে। নোটিশ অনুযায়ী, প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দফাদার ও মহল্লাদার হিসেবে দায়িত্ব পালনকারী এই বাহিনীর সদস্যরা গ্রামীণ এলাকায় পাহারা ও টহল দেন। পাশাপাশি অপরাধ দমনে থানা পুলিশকে সহায়তা, অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন সরকারি কার্যক্রম বাস্তবায়নেও সহযোগিতা করেন। তবে দীর্ঘদিন ধরে দায়িত্বের তুলনায় বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা কম থাকার অভিযোগ জানিয়ে আসছেন গ্রাম পুলিশ সদস্যরা। তাদের বিভিন্ন সংগঠন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি, বেতন গ্রেড পুনর্র্নিধারণ, রেশন, চিকিৎসা ও ঝুঁকি ভাতা এবং অবসরকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি তুলেছে। এ ছাড়া বকেয়া বেতন-ভাতা পরিশোধ, প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা এবং চাকরির সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিও রয়েছে তাদের। আসন্ন সমাবেশে এসব দাবি ও গ্রাম পুলিশের কর্মপরিবেশ-সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
