মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয়
বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ কোনো আপস করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, প্রয়োজনে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ। গতকাল শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে 'শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব : বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস' শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের মূলভিত্তি হওয়া উচিত বিনিয়োগ। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা হয়েছে। সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শ্রমবাজারও গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এ জন্য দেশটিতে আরও দক্ষ শ্রমিক পাঠাতে আগ্রহী বাংলাদেশ।
তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক গড়ে উঠতে হবে পারস্পরিক বিশ্বাস ও আস্থার ভিত্তিতে। বাংলাদেশ অন্য দেশের ওপর নির্ভরশীল হতে চায় না; বরং বিনিয়োগের অংশীদার হতে চায়। এ ক্ষেত্রে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করছে ঢাকা।
শান্তি রক্ষায় ভূমিকা রাখার সুযোগ তৈরি হলে মক্কায় যোগ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও জানান তিনি।
এদিকে, আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ সফরে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
