ইলিশের উৎপাদন কমার কারণ খুঁজছেন বিজ্ঞানীরা
জানালেন মৎস্যমন্ত্রী
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশে ইলিশের উৎপাদন দিন দিন কমে যাওয়ার কারণ অনুসন্ধানে বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা চালাচ্ছে সরকার। একই সঙ্গে ইলিশের উৎপাদন বাড়াতে করণীয় নির্ধারণ ও তা বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম দাসাদী বড় খানবাড়ি মাঠে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। আমিন উর রশিদ বলেন, মা ইলিশ রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও শুধু সরকারি উদ্যোগে অবৈধভাবে মা ইলিশ শিকার বন্ধ করা সম্ভব নয়। এ জন্য জেলেদেরও এগিয়ে আসতে হবে।
মা ইলিশ শিকার করলে ভবিষ্যতে নিজেদের পাশাপাশি দেশেরও ক্ষতি হবে- জেলেদের মধ্যে এমন সচেতনতা তৈরি করা প্রয়োজন। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক এবং চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
