হাম উপসর্গ ও ডেঙ্গুতে ঝরল আরও ১২ প্রাণ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গে সাতজন এবং ডেঙ্গুতে পাঁচজন প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজন, ময়মনসিংহ একজন ও বরিশালে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৭৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে। গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩২১ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন ও রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৪১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২১৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭০, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৪১, খুলনা বিভাগে ২৫৪, ময়মনসিংহ বিভাগে ১১৪, রাজশাহী বিভাগে ১৭০, রংপুর বিভাগে ৭০ ও সিলেট বিভাগে ১৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে গতকাল বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি কর্পোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৪৩ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৫, বরিশাল বিভাগে ২৬, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।