হামের উপসর্গ ও ডেঙ্গুতে প্রাণহানি বাড়ছেই

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ ও হামে চার জনের মৃত্যু

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে হামের উপসর্গ ও ডেঙ্গুতে প্রাণহানি ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই দুইটি রোগে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ডেঙ্গুতে ১০ জন এবং হামে চারজন মারা গেছেন। গত বুধবার সকাল ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার সকাল ৮ পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৯৪৩ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, রাজশাহী বিভাগে ২৩০ জন, রংপুর বিভাগে ৭০ জন, বরিশাল বিভাগের ১৯৫ জন এবং সিলেট বিভাগে ১১ জন আক্রান্ত হয়েছেন। আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। এদের মধ্যে ১ লাখ ১ হাজার ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৮৯৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৩৩১ জন।

একদিনে হাম উপসর্গে ৪ জনের মৃত্যু : সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে এ মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯২ জন। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ৭৭ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ১৮১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের। মোট ১ হাজার ৩৯২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন হাসপাতাল ছেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৯২৬ জনের।