সংসদ ভবনের প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের নান্দনিকতা রক্ষা ও পরিবেশগত সার্বিক উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদ ভবন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ সরেজমিন পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে তিনি সংসদ ভবনের মূল প্লাজা, উন্মুক্ত মাঠ, চারপাশের বাগানসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার অবকাঠামোগত অবস্থা, সার্বিক পরিবেশ এবং চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
জাতীয় সংসদ প্লাজার স্থাপত্যশৈলী ও পরিবেশগত সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্লাজা ও এর চারপাশের এলাকা নিয়মিত পরিচর্যা ও যথাযথ রক্ষণাবেক্ষণের আওতায় রাখতে হবে।
মাঠ ও বাগানের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় সবুজায়ন বাড়াতে এবং বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যা করারও নির্দেশ দেন তিনি। এ ছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে ভাঙাচোরা বা মেরামতের প্রয়োজন রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
