বাংলাদেশের পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের পর্যটন খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন বা ১২০ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান।
গতকাল রোববার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জাপানের বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল এ ঘোষণা দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাদের সঙ্গে বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, বাংলাদেশ বৈচিত্র্যময় পর্যটন সম্ভাবনার এক অনন্য দেশ। আমাদের রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার ও সিলেটের মনোরম চা-বাগান। পর্যটন খাতকে এগিয়ে নিতে বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকে সাদরে স্বাগত জানাচ্ছে।
জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু হিসেবে তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপানের অবদান অসামান্য। পর্যটন খাতের বিকাশে জাপানি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার সার্বিক সহায়তা দিতে প্রস্তুত। যৌথ সুবিধা নিশ্চিত করতে সরকার 'পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)' মডেলে কাজ করতে আগ্রহী।
জাপানি প্রতিনিধিদলের সদস্যরা বলেছেন, তারা বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আন্তরিক এবং দেশের 'ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি' খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করতে প্রস্তুত।
আলোচনার একপর্যায়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলার প্রাথমিক বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এ ঘোষণাকে স্বাগত জানিয়ে পর্যটনমন্ত্রী মিল্লাত বলেন, বিনিয়োগ প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে জমা হওয়ার পর সরকার দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক পদক্ষেপ নেবে।
একই সঙ্গে বিনিয়োগকারীদের সরেজমিনে সম্ভাব্য পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার ব্যবস্থা করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কাজ করবে।
