সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন স্থানে ১৪টি ১২ তলা ভবন নির্মাণ করে ২০২৯ সালের মধ্যে দাফতরিক কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গতকাল রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫১ একর জমিতে নতুন সচিবালয় নির্মাণ করা হবে। সেখানে ১৪টি ১২তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবনগুলোর মোট আয়তন হবে প্রায় ৩২ লাখ বর্গফুট। ২০২৯ সালের মধ্যে সেখানে অফিস কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সচিবালয় স্থানান্তর প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।

এর আগে গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সচিবালয় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। ওই বৈঠকে গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদফতর ও স্থাপত্য অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পুরনো মাস্টারপ্ল্যান অনুসরণ করে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় গড়ে তোলা হবে। স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হলে বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়ের পরিবর্তে নতুন কমপ্লেক্স থেকেই সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর দাফতরিক কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে 'নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়' করার বিষয়েও মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা সংবাদ সম্মেলনে জানান মন্ত্রিপরিষদ সচিব। এ ছাড়া বিষাক্ত রাসায়নিক আমদানি প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন ধরনের বিষাক্ত রাসায়নিক সরকার জেনেশুনে আমদানি করবে।