হামের উপসর্গ ও ডেঙ্গুতে ঝরল আরও ৯ প্রাণ

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ৩০৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে হামের উপসর্গে চারজন এবং ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৯৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯৩ জন। এছাড়া চট্টগ্রামে ১০১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৪, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ৩০৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে এক হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের।

হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৫১ জন, চট্টগ্রামে ২৭৬, সিলেটে ১৩২, বরিশালে ১২০, খুলনায় ৭৩, ময়মনসিংহ ৬৯, রাজশাহীতে ৪৪ ও রংপুরে ১৪ জন। গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। তখন থেকে এ পর্যন্ত ২ লাখ ১৪ হাজার ৫৫১ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে। তাদের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। আর তাদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। যারা উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন, তাদের মধ্যে ২৩ হাজার ১৫৭ জনের ক্ষেত্রে নমুনা পরীক্ষা করে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে নমুনা পরীক্ষার তথ্য দিয়ে এ রোগের বিস্তারের সঠিক চিত্র পাওয়া সম্ভব না।

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু : দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৩৫২ জনের প্রাণ গেল ডেঙ্গুতে। এর মধ্যে অক্টোবরের ১৮ দিনেই ১০৭ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকার দুই সিটিতে দুজন এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাইরের একজন মারা গেছেন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ডিএনসিসি এলাকার হাসপাতালগুলোতে ১৪৮ জন ভর্তি হয়েছেন। ডিএসসিসি এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩১ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৬৩ জন। অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৯২ জন, চট্টগ্রামে ২২০ জন, খুলনায় ২৫৩ জন, ময়মনসিংহে ৯২, রাজশাহী ২৩৩, রংপুরে ৯৩ এবং সিলেটে ২৬ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।