হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ডেঙ্গুতে চারজন ও হামের উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন। এইডিস মশাবাহিত এ রোগে এ নিয়ে চলতি বছর ৩৬৮ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবর মাসের ২১ দিনেই প্রাণ গেছে ১২৩ জনের। আর হাসপাতালে মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে একজন করে এবং ময়মনসিংহ বিভাগের বাইরে দুজন মারা গেছেন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ১৪৬ জন ভর্তি হন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ২৫০ জন।

অন্য বিভাগের মধ্যে বরিশালে ২৩১ জন, চট্টগ্রামে ২৯৪ জন, খুলনায় ২০৬ জন, ময়মনসিংহে ৬০, রাজশাহী ১৬৪, রংপুরে ৪৪ এবং সিলেটে আটজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

হাম উপসর্গে দুজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৩ জনে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ জন। সে হিসাবে হামজনিত মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সবশেষ মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগে চিকিৎসাধীন ছিলেন। হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৯৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯৪ জন।

এছাড়া চট্টগ্রামে ১০২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৫, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।

বুলেটিনে বলা হয়, সর্বশেষে একদিনে দেশের বিভিন্ন জায়গায় ৯৯৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে ৯১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৩৬ জনের শরীরে। হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০২ জন, চট্টগ্রামে ১৯৩, সিলেটে ১২৫, বরিশালে ৯৪, খুলনায় ৮১, ময়মনসিংহ ৬৩, রাজশাহীতে ২৩ ও রংপুরে ৩০ জন। বুলেটিন অনুসারে, দেশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। এর মধ্যে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।

এদিকে হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ১৭ হাজার ৭৬০। এর মধ্যে ২৩ হাজার ২৪৮ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। শুধু হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।