হামের উপসর্গ ও ডেঙ্গুতে ঝরল আরও ১০ প্রাণ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দশজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে হামের উপসর্গ নিয়ে সাতজন এবং ডেঙ্গুতে তিনজন প্রাণ হারিয়েছেন। চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১০ জনে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ জন। সেই হিসাবে হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২১৪ জনে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত বৃহস্পতিবার সকাল ৮টার পর ২৪ ঘণ্টায় সিলেটে তিন জন, ঢাকায় দুই জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে এক জন করে মারা গেছে। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে, ৪৯৮ জন। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯৭ জন। এছাড়া চট্টগ্রামে ১০৩, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৬, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
বুলেটিনে বলা হয়, গত এক দিনে দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ১১০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে এক হাজার ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ২৫ জনের শরীরে।
হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৫৬ জন, চট্টগ্রামে ১৮৯, সিলেটে ৯৪, বরিশালে ১১৫, খুলনায় ৬০, ময়মনসিংহ ৬৫, রাজশাহীতে ২২ ও রংপুরে ২৪ জন। বুলেটিন অনুসারে, দেশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। যার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।
এদিকে হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ১৮ হাজার ৮৭০। যার মধ্যে ২৩ হাজার ২৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন। এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছরের এখন পর্যন্ত ৩৭১ জনের প্রাণ গেছে। আর হাসপাতালে মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮০১ জনে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টা মারা যাওয়া তিনজনের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে দুজন এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাইরে একজন মারা গেছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে ১৩১ জন ভর্তি হন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭৪ জন। অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৫৯ জন, চট্টগ্রামে ২১৯ জন, খুলনায় ১৪৭ জন, ময়মনসিংহে ১০০, রাজশাহী ১১৩, রংপুরে ৩৮ এবং সিলেটে একজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
