হামের উপসর্গ ও ডেঙ্গুতে ঝরল আরও ১১ প্রাণ
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও মশাবাহিত ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ডেঙ্গুতে ৯জন এবং হামের উপসর্গে দুইজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০৯ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। গতকাল বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের একজন করে রোগী রয়েছেন। অন্যদিকে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৮১৬ জন। অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৪ জন, চট্টগ্রামে ৩১৩ জন, খুলনায় ২১৪ জন, ময়মনসিংহে ৮৪, রাজশাহী ২১৭, রংপুরে ১১৬ এবং সিলেট বিভাগের হাসপাতালগুলোতে ২৮ জন ভর্তি হয়েছেন।
অধিদপ্তর আরও বলছে, চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। এর আগে গত মঙ্গলবার সারাদেশে ডেঙ্গুতে ১১ জন মারা যান, যা ছিল চলতি বছরে রোগটিতে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। এদিন আক্রান্ত হন ২ হাজার ৭১ জন। প্রসঙ্গত, গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু : গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সারাদেশে দুজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪১২ জন। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৪২ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১৩৭ জন। গতকাল বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ঢাকা বিভাগের একজন ও সিলেট বিভাগের একজন রোগী রয়েছে। একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৯০ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ হাজার ৩২২ জনের শরীরে। প্রতিবেদন আরও বলছে, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৩১ জন। অন্যদিকে হামের উপসর্গ মিলেছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জনের শরীরে। অন্যদিকে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩১৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে এরইমধ্যে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন। এর আগে গত মঙ্গলবার হাম ও এর উপসর্গে সারাদেশে সাতজন শিশুর মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৯৫ জন।
