বিমানের যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানের নারিতা থেকে ঢাকার পথে রওনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় ৮টা) ফ্লাইটটি যাত্রা করে। চার দিনের জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সফরসঙ্গীদের এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে রওনা হওয়ার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি তখন ছাড়তে পারেনি। বিমানের ভেতরে কিছু সময় অপেক্ষার পর প্রধানমন্ত্রীসহ সফরসঙ্গীরা নেমে আসেন।
রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশের তরফে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও সেটির ধরন কী তা বলা হয়নি। পরে চার ঘণ্টা পর স্থানীয় সময় সোয়া ১০টার দিকে (বাংলাদেশ সময় সোয়া ৭টা) উড়োজাহাজটির ত্রুটি সারিয়ে তা যাত্রার জন্য প্রস্তুত হয়। বিমান ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতও যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বের কথা বলেন। তবে কী ধরনের ত্রুটি সেটি তিনি বলেননি।
স্থানীয় সময় সোয়া ১০টার দিকে মন্ত্রী বলেন, উড়োজাহাজের ত্রুটি সারাই করার পর প্রধানমন্ত্রীসহ যাত্রীরা বিমানে উঠেছেন। যাত্রা বিলম্বের জন্য তিনি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজের কারিগরি ত্রুটি ধরা পড়ার পর প্রকৌশলীরা অবিলম্বে তা মেরামতের কাজ শুরু করেন। পরবর্তীতে বিমানের ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল সফলভাবে ফ্লাইটটির ত্রুটি সারাতে সক্ষম হয়। উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন। এছাড়া তিনি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সফরকালে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় সভায় অংশ নেন।
