ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন
ভোট সুষ্ঠু হয়েছে অনিয়মের অভিযোগ পায়নি ইসি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোট সুষ্ঠু হয়েছে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বাসসকে এ কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যালট পেপারে সিল দেওয়ার একটি দৃশ্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যালট পেপারটি বইয়ের মুড়ি থেকে বিচ্ছিন্ন করা হয়নি এবং প্রতীকের ওপর সিল দেওয়ার ঘটনাও ঘটেনি। ব্যালটের পেছনের দিকে সিল দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। ভোট গ্রহণের ধারাবাহিকতা বজায় রাখা এবং দ্রুত ভোট গ্রহণের কাজ সম্পন্ন করার জন্য তিনি হয়তো আগাম এই প্রস্তুতি নিয়েছিলেন বলে জানান তিনি। আখতার আহমেদ বলেন, উপ-নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তখন পর্যন্ত প্রার্থীরাও ভোটের পরিবেশ ঠিক রয়েছে বলে জানিয়েছেন। ভোট কেন্দ্রে সরাসরি সম্প্রচার ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। অনিয়মের অভিযোগ পাওয়া গেছে কি না— এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, এখন পর্যন্ত কমিশনের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। কোনো অনিয়মের ঘটনা ঘটলে স্থানীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত বিচার বিভাগীয় তদন্ত কমিটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে তৎপর রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। আখতার আহমেদ বলেন, কোনো অনিয়মের ঘটনা ঘটলে তা অবশ্যই গণমাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে যাচাই না করে ভুল বা অপতথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। এই আসনের সংসদ সদস্য ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হওয়ায় আসনটি শূন্য হয়।
