ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকার দু'টিসহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছে হাই কোর্ট। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী এবং রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম কিবরিয়া। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে গত ২২ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪'-এর ২৫ক ধারার উপধারা (১) অনুযায়ী ছয়টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ সময় তারা বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন।
এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৪ মার্চ হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী। তারা হলেন- গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, ইসমাইল হোসেন, আল মুত্তাকী বিল্লাহ ও সাইফউল্লাহ খালেদ। রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়। রিট আবেদনে প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চাওয়ার পাশাপাশি ৩০ দিনের মধ্যে ৬ সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচনের ব্যবস্থা এবং নির্বাচন না হওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব বা জেলা প্রশাসকের মাধ্যমে এসব সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রম পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছিল। আদেশের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, আদালত রিটটি 'অপরিপক্ব' উল্লেখ করে খারিজ করে দিয়েছেন। তারা (প্রশাসক) কতদিন দায়িত্ব পালন করতে পারবেন, তা সরকার বিবেচনা করবে। গত ২২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আব্দুস সালাম, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে শওকত হোসেন সরকারকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
