হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও পাঁচজনের প্রাণহানি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ডেঙ্গুতে তিনজন এবং হামে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে ১ হাজার ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪১৮ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবর মাসেই প্রাণ গেছে ১৭৩ জনের। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জনে।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। এই সময়ে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হন ৪৩৫ জন, চট্টগ্রামে ২৬৮ জন, খুলনায় ১৩১ জন, ময়মনসিংহে ৭৫, রাজশাহীতে ১১২, রংপুরে ৪৮, সিলেটে ১১ জন ও বরিশালে ১৮২ জন ভর্তি হন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু : দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৫১ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৪৬ জন। এছাড়া নিশ্চিতভাবে হাম শনাক্ত ১০৫ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট এবং খুলনা বিভাগে একজন করে মারা গেছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫১১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০২ জন, চট্টগ্রামে ১১০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৮, খুলনায় ৫৬ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৩১৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
