
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত, যাকে ঘটনার রাতে তাহসিফের সঙ্গে উত্তরার একটি বারে ঢুকতে এবং বের হতে দেখা গিয়েছিল। গত শনিবার রাতে ঢাকার কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার দিশাকে গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত হাজির করে সাত দিনের হেফাজতে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান। এর আগে শনিবার তাহসিফ সাউরির 'বন্ধুস্থানীয় ছোটভাই' আহমেদ শাহরিয়ার রেজা দীপকেও চার দিনের রিমান্ডে পাঠায় আদালত।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের 'ভিডিও ধারণকারী' হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির ভাসমান লাশ বুধবার বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ- পুলিশ। তিনি গত মঙ্গলবার সন্ধ্যায় 'দীপের ডাকে' বাসার নিচে নামেন এবং নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। দীপ গত বৃহস্পতিবার বলেছিলেন, রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেয়ে উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান।
রাতেই মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তার দেওয়া তথ্যে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের বাইকটি উদ্ধার করা হয়। 'মাদকস্পট' হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকারও করে দীপ। একপর্যায়ে তাকে নিয়ে শুক্রবার টঙ্গীর ওই এলাকা পরিদর্শনেও গিয়েছিলেন পিবিআই কর্মকর্তারা। পুলিশের জিজ্ঞাসাবাদে দীপ বলেছিলেন, সেই রাতে মাজার বস্তি এলাকায় একদল পুলিশ ধাওয়া করলে তিনি নদীর তীরে একটি পিলারের আড়ালে লুকিয়ে পড়েন। আর তাহসিফ নদীতে ঝাঁপ দেন।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম শুক্রবার রাতে উত্তরখান থানায় ছেলের মৃত্যুর রহস্য উদঘাটনে লিখিত আবেদন করেন। সেখানে তাহসিফের নিখোঁজ ও লাশ উদ্ধার হওয়ার তথ্য তুলে ধরেন তিনি। এর ভিত্তিতে অভিযোগটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। তবে মামলার এজাহারে আসামি হিসেবে কারও নাম ছিল না। গত বৃহস্পতিবার রাতে আটক দীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করে নৌ- পুলিশ। আদালত তাকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
এদিকে শনিবার নতুন একটি সিসিটিভি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে ঘটনার কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার রাতে এক তরুণীর সঙ্গে তাহসিফকে উত্তরার নেস্ট বারে ঢুকতে ও বের হতে দেখা যায়। তাতে আলোচনা নতুন মোড় নেয়। গত শনিবার রাতেই সেই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। জানানো হয়, তার নাম জেরিকা তাসনিম দিশা। গতকাল রোববার রিমান্ড শুনানিতে প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন বলেন, "পূর্বে রিমান্ডে থাকা অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্যের সঙ্গে আসামির তথ্য ক্রস-চেক বা মিলিয়ে দেখা প্রয়োজন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির সর্বোচ্চ রিমান্ডের প্রার্থনা করছি।"
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইমাম হোসেন জাবেদ রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন জানান। শুনানিতে তিনি বলেন, "এই ঘটনার সাথে আসামি কোনোভাবে জড়িত না। এই মামলায় দীপের নাম এসেছে। তিনি রিমান্ডে আছে। শুধু মাত্র সিসিটিভির ফুটেজের উপর ভিত্তি করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেদিন রাত ১২টার দিকে ভিকটিম এই আসামিকে গাড়িতে করে বাসায় পৌঁছে দেয়। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।" তিনি বলেন, "ভিকটিমের সাথে সম্পর্কের কারণে সেদিন তারা রেস্তোরাঁ নাস্তা করতে গেছিল। এর বাইরে আসামি কিছুই জানেন না। তার জামিন প্রার্থনা করছি।"
এসময় বিচারক কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামির নাম জিজ্ঞাসা করেন। দিশা নামবললে বিচারক পুরো নাম জানতে চান। উত্তরে তিনি বলেন, "জেরিকা তাসনিম দিশা।" শুনানি শেষে আদালত তাকে চার দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।