
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ২৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল বিজিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েনকৃত বাহিনীর মধ্যে পাঁচ প্লাটুন সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায়। ১৩ প্লাটুন গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈরে অবস্থান করছে।
বাকি ছয় প্লাটুন নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালুকুরি ব্রিজ, বিসিক শিল্পাঞ্চল এবং কাঁচপুর ব্রিজ এলাকায় মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের প্রক্রিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে নিয়মিত টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শ্রমিক, শিল্প প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিজিবি পেশাদারিত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে, যাতে শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় থাকে।