রয়টার্সের প্রতিবেদন
নতুন পাসপোর্টের আবেদন পলাতক শেখ হাসিনার
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে খবর দিয়েছে রয়টার্স। এক প্রতিবেদনে রয়টার্স লিখেছে, সোমবার আইনজীবীর মাধ্যমে হাইকমিশনে চিঠি পাঠিয়ে ওই আবেদন করেছেন হাসিনা, যা রয়টার্স দেখার সুযোগ পেয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে যাওয়ার পর এই প্রথম তার এ ধরনের আনুষ্ঠানিক কোনো যোগাযোগের খবর জানা গেল।
রয়টার্স লিখেছে, দুই বছরের বেশি সময় আগে প্রাণঘাতী গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান হওয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে হাসিনার এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা তিনি আগেই জানিয়েছিলেন। হাসিনা রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।
বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ। জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ হাসিনার মতোই ভারতে, না হয় অন্য কোনো দেশে আত্মগোপনে আছেন। আর অনেকে আছেন কারাগারে। রয়টার্স লিখেছে, আওয়ামী লীগ নেতারা তাদের বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারিত হবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযেগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। রয়টার্স লিখেছে, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে লিখেছেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা খবর পেয়েছেন। চিঠিতে বলা হয়, 'আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।'
শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা। রয়টার্স লিখেছে, এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল তারা। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব মেলেনি। প্রতিবেদনে বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে হাসিনার প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। অন্যদিকে, তার দেশে ফেরা ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটে।
হাসিনার পাসপোর্ট চাওয়া 'রাজনৈতিক স্ট্যান্টবাজি' —প্রধান কৌঁসুলি : ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য যে আবেদন করেছেন, সেটিকে 'রাজনৈতিক স্ট্যান্টবাজি' হিসেবে দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। গতকাল সোমবার সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, 'এগুলো সবই ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্ট্যান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, সবই স্ট্যান্টবাজি। শি উইল নট কাম ব্যাক।' এ বিষয়ে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রসিকিউশনের বক্তব্য তুলে ধরা হবে বলে জানান আমিনুল ইসলাম।
চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য সোমবার আবেদন করেছেন বলে খবর দিয়েছে রয়টার্স। আইনজীবীর মাধ্যমে নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে তিনি এ আবেদন করেন। রয়টার্স লিখেছে, দুই বছরের বেশি সময় আগে প্রাণঘাতী গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান হওয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে হাসিনার এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা তিনি আগেই জানিয়েছিলেন। হাসিনা রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ। জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ হাসিনার মতোই ভারতে, না হয় অন্য কোনো দেশে আত্মগোপনে আছেন। আর অনেকে আছেন কারাগারে। রয়টার্স লিখেছে, আওয়ামী লীগ নেতারা তাদের বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারিত হবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযেগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
পাসপোর্ট চেয়ে গ্রেপ্তারের পথ সহজ করে দিয়েছেন শেখ হাসিনা -আসিফ নজরুল : দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনা তাকে গ্রেপ্তারের পথ সহজ করে দিয়েছেন বলে মনে করছেন সাবেক অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার মতে, ক্ষমতাচ্যুত সাবেক এ প্রধানমন্ত্রী পাসপোর্ট চেয়ে আবেদন করার অর্থ বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার মত পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। ফেইসবুকে নিজের ভেরিফায়েড পেজে সোমবার দুপুরে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল এসব মন্তব্য করেন। 'শেখ হাসিনার ভুল' শিরোনামে ওই স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, 'বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মত পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
"পাসপোর্ট চেয়ে সেই পথই সহজ করে দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ সরকার এখন বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। কাজেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে এই অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতকে এখন আরও জোরালোভাবে এই কথাটি বলার সুযোগ তৈরি হয়েছে। "শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতাকর্মীদের বিপদ বাড়াচ্ছেন।'
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযেগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। এ নিয়ে আলোচনার মধ্যে সোমবার সকালে এক প্রতিবেদনে রয়টার্স খবর দেয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ল' ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে।
