পোশাক খাতে ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা প্রস্তাব শ্রমিকপক্ষের
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। গতকাল সোমবার এ খাতের নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ কথা জানানো হয়েছে।
শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, এক নম্বর গ্রেডে আমরা ৪৮ হাজার টাকা এবং দুই নম্বর গ্রেডের জন্য আমরা ৪৩ হাজার টাকা, তিন নম্বর গ্রেডের জন্য আমরা ৩৮ হাজার টাকা এবং চার নম্বর গ্রেডের জন্য আমরা মজুরি চেয়েছি ৩২ হাজার টাকা। এবং শিক্ষানবিশকাল, একবারে যে নতুন ওয়ার্কার যারা আসবে, আমরা তাদের জন্য ৩০ হাজার টাকা মজুরির দাবি করেছি।
কর্মচারীদের মজুরি প্রসঙ্গে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল বলেন, আমরা এক নম্বর গ্রেডে ৫৫ হাজার টাকা, দুই নম্বর গ্রেডের জন্য ৫০ হাজার টাকা, তিন নম্বর গ্রেডের জন্য ৪৫ হাজার টাকা এবং চার নম্বর গ্রেড, যেটা একবারে অফিস স্টাফদের আমরা বলি, সেটার জন্য আমরা ৪০ হাজার টাকা প্রস্তাব করেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি আমরা বাজারমূল্য বলি, আর যদি শ্রমিকদের প্রয়োজন বলি, তাহলে আমার মনে হয় যে এই দাবিটা আমাদের আরও বেশি হতে পারত। কিন্তু শিল্পের সক্ষমতা বা শ্রমিকদের চাওয়া যে সেন্টিমেন্ট আসছে, সেই অনুসারেই কিন্তু সমস্ত দিক বিবেচনা করে এই দাবিটার ভেতরেই আমরা রয়েছি। কিন্তু আমরা এর চাইতে বেশি যাইনি।
বাবুল আখতার বলেন, একজন ওয়ার্কার, চারজন ফ্যামিলি হিসাব করে যদি আপনি ক্যালোরি হিসাব করেন বা বর্তমান বাজারমূল্য, ঘরভাড়া, চিকিৎসা, তাদের বাচ্চাদের শিক্ষা সমস্ত কিছু যদি বিবেচনায় নেন, তাহলে ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। কিন্তু এটা তো আর চাইলেই দেবে না, তো সেই ক্ষেত্রে আমরা দাবিটা যতটুকু পেরেছি আমরা কমিয়ে নিয়ে আসছি। পরবর্তী বৈঠক ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে জানিয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, গতকাল সোমবার মালিক, শ্রমিক—উভয় পক্ষেরই প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিকপক্ষ সাত কার্যদিবস সময় চেয়েছে। চার কার্যদিবস সময় দিয়েছি। ব্যর্থ হলে আমরা তাদের প্রস্তাবের অপেক্ষা করব না। মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন বলেন, আপনারা সবাই জানেন যে ঢাকায় এবং ঢাকার আশেপাশের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আমরা আসলে ওইদিকেই আমাদেরকে কনসেন্ট্রেট করতে হচ্ছে। এদিকে আমরা সেইভাবে মনোনিবেশ করতে পারি নাই। যার জন্য আমরা এক সপ্তাহ সময় চেয়েছিলাম। কিন্তু চেয়ারম্যান মহোদয় এবং বোর্ডের সবার সম্মতিক্রমে আমাদেরকে চারদিনের সময় দেওয়া হয়েছে। আমরা আগামী চার কর্মদিবসের ভেতরে আমরা বোর্ডকে আমাদের প্রস্তাবনা পেশ করব ইনশাআল্লাহ। এক প্রশ্নের জবাবে বিজিএমইএর এই পরিচালক বলেন, নতুন বেতন কাঠামো ডিসেম্বরেই কার্যকর হবে, যা শ্রমিকরা পাবেন জানুয়ারির শুরুতে।
শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, আমরা আশা করি, গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বোর্ড শ্রমিক-মালিক-সরকার সকল পক্ষের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি নির্ধারণ বিবেচ্য সকল নির্দেশক বিবেচনায় নিয়ে যথাযথ গবেষণা, বিশ্লেষণ, মাঠপর্যায়ের শ্রমিকদের বাস্তবতা, শ্রমিকদের ক্রয়ক্ষমতা, শিল্পের সামর্থ্য অনুযায়ী বিশ্লেষণ করে গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট সর্বনিম্ন মজুরি কাঠামো সুপারিশ প্রদান করতে সক্ষম হবেন।
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার; গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে। তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে।
২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
