চিফ প্রসিকিউটর আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলে তার সাজা কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে (মোরাল টারপিচুড) দণ্ডিত হলে এবং ওই অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড হলে তার পাসপোর্ট ইস্যু প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে। তিনি বলেন, পাসপোর্ট অর্ডারের ৭ অনুচ্ছেদেও পাসপোর্ট জব্দ বা বাতিলের বিধান রয়েছে। কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তার পাসপোর্ট জব্দ বা বাতিল করা যেতে পারে।
আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এ অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। সে কারণে আইন অনুযায়ী তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ অবস্থায় তাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের (১) উপধারার বিভিন্ন দফা অনুযায়ী, দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। ফলে শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর বিষয়ে পাসপোর্ট কর্তৃপক্ষের আইনগত সুযোগ নেই। শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা রয়েছে। শেখ হাসিনা ওই সময়ের মধ্যে আপিল করেননি। ফলে তিনি দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত ছিলেন। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
সম্প্রতি শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে তার পক্ষে একটি প্রতিষ্ঠান থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠানোর খবর প্রকাশিত হয়। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের আবেদন করেননি। তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
